শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৯:৩৬ এএম
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওবার্তায় তিনি বলেন, গালাগালি কখনো কোনো সমস্যার সমাধান নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে নরেন্দ্র মোদির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, গালাগালি কোনো সমস্যার সমাধান নয়। আসুন, পথভ্রষ্টদের সঠিক পথ দেখাই। একসঙ্গে দেশের জন্য কাজ করি।
ভিডিওতে মোদি দাবি করেন, দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের সময় তাকে এবং তার মাকে অশালীন ভাষায় কটূক্তি করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি শুধু দেশের মানুষ নয়, বিশ্বের মানুষও দেখেছে।
মোদি বলেন, ছোট বয়সে ভুল হতেই পারে। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে হবে। সমাজে এমন ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এখনও সময় আছে। এই তরুণদের কাছে টেনে এনে সঠিক পথ দেখাতে হবে। এটাই আমাদের দায়িত্ব।
ভিডিওবার্তায় আন্দোলনকারীদের শাস্তির বদলে ক্ষমার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের আদালতে নিয়ে যাওয়া বা শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। আমি তাদের ক্ষমা করতে চাই।
এ সময় একটি উদাহরণ টেনে মোদি বলেন, কখনো কখনো দাঁতের নিচে জিভ চলে আসে, রক্তও পড়ে। কিন্তু আমরা দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত আর জিভ—দুটোই আমাদের। এই ছেলেমেয়েরাও আমাদেরই।
আরটিভি/জেএমএ