images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য / যুক্তরাষ্ট্র

আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:১২ এএম

হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণার পর এবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’–র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রোববার (২ আগস্ট)  প্রেসিডেন্সিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা মার্কিন হামলার ব্যাপকতা সম্পর্কে অবগত ছিল, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা বর্তমানে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আগামীকাল (সোমবার) বিকেল থেকে এই আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।’

আরও পড়ুন
2

মিশরে শক্তিশালী ভূমিকম্প অনূভূত, কাঁপল ইসরায়েলও

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তির পরিসর ও রূপরেখা নিয়ে প্রাথমিক সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এমন দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে সরাসরি কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিমানভ্রমণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প চুক্তি করার সুনির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। তবে নিজের মনোভাব স্পষ্ট করে তিনি বলেন, ‘পরিস্থিতি কোন দিকে যায় তা আমরা পর্যবেক্ষণ করছি। তবে যেকোনো মুহূর্তেই আমরা প্রস্তুত... আমি অহেতুক মানুষ হত্যা করতে চাই না।’

ট্রাম্প দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে আপাতত সামরিক পদক্ষেপে না যাওয়ার অনুরোধ জানান। 

তিনি বলেন, ‘আমরা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। তবে তারা অনুরোধ করেছেন কারণ সবাই মনে করছেন একটি সমঝোতা সম্ভব। হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তি অর্জিত হয়েছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও সমঝোতা হবে।’

অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ‘মেহর নিউজ এজেন্সি’ ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যমটির দাবি, সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করা হয়নি। ট্রাম্পের এমন বক্তব্যকে তারা ‘নতুন মিথ্যা’ হিসেবে আখ্যা দিয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, রোববার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয় নিয়ে ওমানের সঙ্গে চুক্তির আলোচনা চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, সোমবারের বহুল আলোচিত এই কূটনৈতিক বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে বা কারা সেখানে অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরটিভি/এআর