সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১০:৪৯ এএম
ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা একটি প্লাস্টিকের খেলনা বল গলায় আটকে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরিপুরা গ্রামের বাসিন্দা। বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল সে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিপসের প্যাকেটে উপহার হিসেবে থাকা একটি প্লাস্টিকের বল নিয়ে খেলছিল মুকুন্দ। খেলতে গিয়ে অসাবধানতাবশত বলটি সে গিলে ফেলে। পরে সেটি তার গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়।
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের খেলনা বলটি কুরকুরে চিপসের প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। খেলনার বলটি গলায় আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় তদন্ত চলছে।
তবে পুলিশ জানিয়েছে, পরিবার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেনি। ফলে এখনও অস্বাভাবিক মৃত্যু (ইউডিআর) রিপোর্ট বা ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে