মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৫:২৯ পিএম
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।
মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন জাহাজে হুথিরা হামলা চালানো এবং রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনার মধ্যেই এবার নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটল।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ‘একটি ড্রোনের মাধ্যমে নাজরান বিমানবন্দরে সৌদি আরবের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।’
তিনি জানান, সৌদি আরব ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় জবাবে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীর এক বিবৃতিতে দাবি করা হয়, নাজরান বিমানবন্দরে নিখুঁতভাবে ড্রোনটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে এক প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবারের ওই ল্যান্ডমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত ও অন্তত ছয়জন আহত হন। হুদাইদাহ ভিত্তিক সরকারি প্রশাসন এক বিবৃতিতে জানায়, এলাকাটিতে হুথিদের নির্বিচার ও ব্যাপক মাইন স্থাপনের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং পুরো এলাকা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আরটিভি/এআর