images

আন্তর্জাতিক / এশিয়া

জাপানে প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৬:৩৭ পিএম

জাপানের টোকিওর তামা জুলজিক্যাল পার্কে এক সপ্তাহের ব্যবধানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে তিনটি সিংহী। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাওয়ায় তীব্র পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হয়ে সিংহগুলোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা জানান, এ ধরনের মর্মান্তিক অভিজ্ঞতা তাদের এবারই প্রথম। গত ১৯ জুলাই তিন বছর বয়সী ‘মুগি’ নামের একটি সিংহী খাওয়া বন্ধ করে দেয় এবং পরদিন উঠে দাঁড়ানোর ক্ষমতা হারায়। ফ্যান, স্যালাইন ও ভিটামিন দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি; ২৮ জুলাই সে মারা যায়। এরপর ৩১ জুলাই ১১ বছর বয়সী ‘ইচিগো’ এবং রোববার (২ আগস্ট) ১৫ বছর বয়সী ‘লুয়েনা’ মারা যায়।

আরও পড়ুন
8

তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খাওয়ার পরামর্শ উ. কোরিয়ার!

মৃত্যুর চূড়ান্ত কারণ ল্যাব পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গরমকেই দায়ী করা হচ্ছে। অসুস্থ থাকা বাকি সিংহগুলোর জন্য এয়ারকন্ডিশনার ও বড় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চিকিৎসা শেষে আরও কয়েকটি সিংহ সুস্থতার দিকে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি জানান, সিংহ সাধারণত ঘামের বদলে ঘন ঘন শ্বাস ছেড়ে শরীর ঠান্ডা রাখে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় সিংহগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি।

১৯৬৪ সাল থেকে এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ছিল সাফারি বাস থেকে সিংহ দেখা। সিংহ অসুস্থ হয়ে পড়ায় ইতোমধ্যে এই বাস সার্ভিস ও উন্মুক্ত প্রদর্শন স্থগিত করা হয়েছে। এই গ্রীষ্মে তীব্র তাপদাহের কারণে জাপানজুড়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জলবায়ুর এমন বিরূপ পরিস্থিতিতে সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপান সরকার।

আরটিভি/এআর