শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ , ০৫:২৭ পিএম
ভারতের এক সুপ্রিম কোর্ট-ম্যান্ডেটেড প্যানেল শুক্রবার দিল্লি ও এনসিআরে (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন) পাবলিক হেলথ ইমারজেন্সি জারি এবং আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণকাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এই অঞ্চলে দূষণের অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছানোয় এনভায়রনমেন্ট পলিউশন (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল) অথরিটি শীতের মৌসুমে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে।
দিল্লি সরকার দূষণের অবস্থা ভয়াবহ হওয়ায় ৫ নভেম্বর পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছে বলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানিয়েছেন।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের মুখ্য সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে ইপিসিএ চেয়ারম্যান ভুরে লাল জানান, গত রাতে দিল্লি ও এনসিআরের বাতাসের অবস্থা আরও খারাপ হয়ে এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।
তিনি লেখেন, এটি বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা এটিকে পাবলিক হেলথ ইমারজেন্সি মনে করছি। এই পরিস্থিতিতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত দিল্লি, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় পাথর ভাঙাসহ সব ধরনের নির্মাণকাজ এবং কয়লা ও জ্বালানি ভিত্তিক কারখানাগুলো বন্ধ রাখতে হবে।
তিনি লেখেন, দিওয়ালির সময় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও বেশি পরিমাণে আতশবাজি ফোটানো হয়েছে। এর ফলে এই অবস্থা তৈরি হয়েছে। সামনে আরও অনেক উৎসব আছে। সবকিছু বিবেচনা করে শীতের মৌসুমে আতশবাজি ফোটানো একেবারে নিষিদ্ধ করা হয়েছে।
কে/পি