images

জাতীয় / আন্তর্জাতিক / ভারত

রাজিব হত্যার খবর ৫ বছর আগেই জানতো সিআইএ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ , ০৩:০১ পিএম

১৯৯১ সালে তামিলনাড়ুতে জনসভায় খুন হন ভারতের তৎকালীন কংগ্রেস সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ঘটনার ৫ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে একটি রিপোর্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

সেখানে উল্লেখ ছিল, রাজীবের মৃত্যুর পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে।

রিপোর্টের প্রথমেই বলা হয়েছে, ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে নিজের কার্যকাল শেষ হওয়ার আগেই খুন হতে পারেন রাজীব গান্ধী। সেই সম্ভাবনা রয়েছে ১শ’ ভাগ। এমনকী কাছের লোকের হাতেই বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে রাজীবের।   

রাজীব গান্ধী খুন হলে অথবা হঠাৎ করে ভারতের  রাজনীতি থেকে চলে গেলে  কী অবস্থা হতে পারে তা নিয়ে রিপোর্ট করেছিল সিআইএ। ২৩ পাতার সেই রিপোর্টের শিরোনাম ছিল 'ইন্ডিয়া আফটার রাজীব' অর্থাৎ রাজীব পরবর্তী ভারত।

১৯৮৬ সালে মার্চে এই রিপোর্ট সামনে আসে। এবং এই নিয়ে সিআইএ’র তৎকালীন কর্মকর্তাদের মতামত চাওয়া হয়েছিল। সম্প্রতি সে গোপন রিপোর্টি প্রকাশ করেছে সিআইএ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা যায়নি কারণ কিছু অংশ মুছে দেয়া হয়েছে। ১৯৮৬ সালের জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে।

১৯৮৯ সালে ক্ষমতা ছাড়ার দু’বছর পরে অর্থাৎ ১৯৯১ সালে রাজীব তামিলনাড়ুর শ্রী পেরাম্বেদুরে জনসভা করতে গিয়ে খুন হন। শ্রীলঙ্কা সরকার ও তামিল বিচ্ছিন্নতাবাদীদের মধ্যস্থতাই রাজীবের কাল হয়েছিল পরবর্তী সময়ে।

রিপোর্টে বলা হয়ছে, রাজীবকে বাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কী পরিস্থিতি হতে পারে। এবং এর ফলে ভারত-মার্কিন সম্পর্ক ও এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে।

তবে মজার ব্যাপারটি হচ্ছে তার অনুপস্থিতিতে পিভি নরসীমা রাও অথবা ভিপি সিংয়ের মধ্যে কেউ ভারতের প্রধানমন্ত্রীত্ব করবেন এমনটাও রিপোর্টে উল্লেখ ছিল। এবং রাজীবের মৃত্যুর পর নরসীমা রাও ভারতের প্রধানমন্ত্রী হন।

মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য অধিকার আইন মেনে সিআইএ এ রিপোর্ট উন্মোচনের আগে এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাতা মুছে দেয়া হয়েছে।

ওয়াই/এমকে