images

মধ্যপ্রাচ্য

এবার আরব আমিরাতকে ইরানের কঠোর সতর্কবার্তা

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৯:৩৮ পিএম

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের দুই সপ্তাহ পার হয়েছে। শত্রুপক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান এ হামলা-পাল্টা হামলায় ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। 

এরই ধারাবাহিকতায় ইরানের খার্গ দ্বীপে ৯০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলার প্রেক্ষিতে এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাতকে কঠোর এক সতর্কবার্তা পাঠিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। 

শনিবার (১৪ মার্চ) এই সতর্কবার্তায় আইআরজিসি বলেছে, খার্গ দ্বীপে হামলার পর সংযুক্ত আরব আমিরাতে গোপনীয় সব মার্কিন আস্তানা এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। খবর দ্য গার্ডিয়ানের।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা মেহের জানায়, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির কার্যক্রমে সমন্বয়কারী সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের বন্দর, ডক এবং যুক্তরাষ্ট্রের সামরিক এলাকার কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু আমিরাতের যেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেখানে হামলা চালানো হবে। বিষয়টি আমরা আমিরাতের নেতাদের জানিয়ে দিচ্ছি। ইসলামিক প্রজাতন্ত্র তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার্থে এটিকে তার বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে।

আরও পড়ুন
Web-Image---Copy

৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা করল ইরান

এদিকে, হামলা চালানো হলেও তা খার্গ দ্বীপ থেকে তেল রফতানির কার্যক্রমে কোনও প্রভাব ফেলেনি বলে জানিয়েছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশই হয় এ দ্বীপ থেকে।

এছাড়া, শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য এখনও দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম আঘাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারকে হত্যা করে তারা। সেইসঙ্গে হত্যা করা হয় ইরানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারকেও। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানও। ১৫ দিন ধরে চলমান এই হামলা-পাল্টা হামলায় ইতোমধ্যে ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য।

আরটিভি/এসএইচএম