সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ১১:২৩ এএম
ভয়ংকর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ব্যস্ত সড়কে হঠাৎ বন্দুক নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ; এলোপাতাড়িভাবে গুলি চালিয়ে বহু মানুষকে জখম করেছেন তিনি। হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত ২০ জন মানুষকে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিডনির ইনার ওয়েস্টে ঘটেছে এ ঘটনা। হামলাকারী বৃদ্ধকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় একটি ফোনকল আসে পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিজের বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায় বন্দুকধারী এক ব্যক্তি।
এ অবস্থায় পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার রাইফেলটিও জব্দ করে পুলিশ।
জো আজার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার ওপারে কাজ করার সময় তিনি এমন শব্দ শুনতে পান, যেন কেউ আতশবাজি করছে।
দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে আজার বলেন, সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি বুঝতেই পারছিলাম না, কী হচ্ছে।
বন্দুকধারী বৃদ্ধকে গ্রেপ্তারের সময় তার চোখের চারপাশের অংশে সামান্য আঘাতের চিহ্ন থাকায় তাকে হাসপাতাল নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যে হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারী ব্যক্তি কোনও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এসএইচএম/এস