images

ভারত

দিল্লি উত্তাল করে তুলেছে ‘তেলাপোকা পার্টি’, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৬:০২ পিএম

ভারতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে তরুণদের নবগঠিত প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি—সিজেপি। এরই মধ্যে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভে যোগ দিয়েছেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। 

শনিবার (৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে ‘তেলাপোকা পার্টি’র কর্মী-সমর্থকরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ সময় ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন
Web-Image

দিল্লির আন্দোলনে আম্বেদকরের বই হাতে অভিজিৎ কী বার্তা দিতে চাচ্ছেন

বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেন, পদত্যাগের দাবি কেবল শুরু। আমাদের মূল উদ্দেশ্য হলো সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস অনেক গভীর সমস্যার একটি লক্ষণ মাত্র। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার করা প্রয়োজন।

বিক্ষোভে সমর্থকদের উদ্দেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বন্ধুরা, এটা এক দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পেরিয়ে গেছে; কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় এই ‌‌তরুণ এরপর বলেন, আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। আমাদের এ লড়াই চলতে থাকবে। আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।

সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়েছেন শত শত কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মূলত, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার তরুণদের একটি অংশকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) নামে এক ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম জন্ম দেন অভিজিৎ দীপকে। এটি কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়। তবে, গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে প্ল্যাটফর্মটি এবং প্রতিদিনই বাড়ছে এর অনুসারীর সংখ্যা।

আরটিভি/এসএইচএম