images

ভারত

সাবেক প্রেমিকাকে নিয়ে মরতে যুবকের ভয়ংকর কাণ্ড

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৩:০৪ পিএম

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যায় তিক্ততার জেরে। কিন্তু, বিচ্ছেদ কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না প্রেমিক। একসময় মনে তার জেদ চেপে বসে, একসঙ্গে বাঁচা সম্ভব না হলে মরবেন একসঙ্গে। আর এই জেদ থেকেই সেই প্রেমিক ঘটিয়ে বসেন ভয়ংকর এক কাণ্ড; ব্যস্ত সড়ক থেকে এক উবার ক্যাবে প্রেমিকাকে তুলে নিয়ে ঘটিয়ে দেন বোমা বিস্ফোরণ।  

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) ভারতের কর্ণাটকে তুমাকুরু জেলায়। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদন অনুযায়ী, তুমারুকের সিরা তালুকের জোগিহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে ঘটা এ ঘটনায় গাড়ির ভেতরেই জ্যান্ত পুড়ে মারা গেছেন ৩০ বছর বয়সী ওই প্রেমিক। তবে, বিস্ফোরণের আগমুহূর্তে গাড়ি থেকে কোনমতে লাফিয়ে পড়তে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গেছে তার প্রাক্তন প্রেমিকা। সেইসঙ্গে আহত হয়েছেন উবার ক্যাব চালক। তাদেরকে উদ্ধার করে তুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র নামে নিহত ওই যুবক এবং বেঙ্গালুরুর একটি অপারেশন থিয়েটারের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ওই তরুণী আগে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে, সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে যায়। ব্যক্তিগত বিরোধের জেরে নাগেন্দ্রর ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন ওই তরুণী।  

karnataka

তদন্তকারীরা জানান, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগরে তরুণীর ভাড়া বাসায় গিয়ে নাগেন্দ্র বাগবিতণ্ডায় জড়ান এবং পরে একটি হলুদ নম্বরের উবার ক্যাবে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। তরুণী নিখোঁজ হওয়ার পর তার বাবা-মা জয়নগর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন।

আনকোলার দিকে যাওয়ার পথে নাগেন্দ্র ওই তরুণীকে নিজে আত্মহত্যা করার আগে তাকেও মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, নাগেন্দ্রর সাথে একটি বিস্ফোরক ডিভাইস ছিল, যা তিনি সফরের সময় তরুণীকে দেখিয়েছিলেন।

ভীতিকর এই যাত্রা চরম রূপ নেয় জোগিহাল্লির কাছে পৌঁছালে। চলন্ত গাড়ির ভেতরেই নাগেন্দ্র ছুরি দিয়ে তরুণীকে আক্রমণ করেন বলে অভিযোগ। চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি থামালে তরুণী দরজার লক খুলে লাফ দিয়ে নিরাপদ স্থানে চলে যান।

এর কয়েক মুহূর্তের মধ্যেই গাড়িটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পুরো বাহনটি আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে। কোনও সাহায্য পৌঁছানোর আগেই নাগেন্দ্র গাড়ির ভেতরে আটকা পড়ে জ্যান্ত পুড়ে মারা যান। এই বিস্ফোরণের কারণে ব্যস্ত মহাসড়কটিতে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তুামাকুরুর পুলিশ সুপার অশোক কে.ভি. জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নাগেন্দ্র সাথে করে বিস্ফোরক ডিভাইস বহন করছিলেন এবং তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছেন। গাড়িটি থেকে বোমা সদৃশ বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়েছে। এই বিস্ফোরকের সঠিক প্রকৃতি কী ছিল, কীভাবে এটি বিস্ফোরিত হয়েছে এবং কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছিল তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এসএইচএম