সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০২:১০ এএম
ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাঘের হামলায় সুগনি বাই ধুরভে (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুগনি বাই ধুরভে বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা।
গ্রামবাসীরা জানান, সুগনি বাই নিজ কুঁড়েঘরে ঘুমিয়েছিলেন। এ সময় একটি বাঘ গ্রামে ঢুকে তার মাথা কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা টর্চ নিয়ে ছুটে গেলে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাইহার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীদের রাতের সময় ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সূত্র: এনডিটিভি
আরটিভি/এমএইচজে