images

যুক্তরাষ্ট্র

গ্যাসের দাম বাড়লে বাড়ুক, কোনো চিন্তা নেই: ট্রাম্প

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০৭:০৯ পিএম

চলমান ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে অবস্থানরত ছয়টি জাহাজে হামলা চালিয়েছে তারা। এরপর থেকেই বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহনের এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিশ্বব্যাপী গ্যাস ও তেলের দাম বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে তিনি জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একেবারেই চিন্তা করছেন না। তার সব মনোযোগের কেন্দ্র এখন ইরান যুদ্ধ। খবর রয়টার্স।

আরও পড়ুন
13

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্বালানি গ্যাসের দামবৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি এ নিয়ে একেবারেই চিন্তা করছি না। অভিযান শেষ হলে দাম দ্রুতই কমে যাবে। তাই গ্যাসের দাম যদি বাড়ে তো বাড়ুক। কারণ, এই সামরিক অভিযান তেলের দাম সামান্য বাড়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ভূগর্ভস্থ জরুরি তেলের মজুত আছে যুক্তরাষ্ট্রে। এই দুই অঙ্গরাজ্যে যে পরিমাণ তেলের মজুত আছে— তা বর্তমানে বিশ্বের বৃহত্তম জরুরি তেলের মজুত। তবে রয়টার্সকে ট্রাম্প জানিয়েছেন, আপাতত এই মজুত তিনি ব্যবহার করতে চাইছেন না।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই বৈশ্বিক জ্বালানির বাজার আবার আগের অবস্থায় ফিরবে এবং শিগগিরই তা ঘটবে। এ দিকে ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। 

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইতোমধ্যেই গ্যাস কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সুজি ওয়াইলস অভ্যন্তরীণ বৈঠকে সতর্ক করেছেন যে গ্যাসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনে তার ফল ‘বিপর্যয়কর’ হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম গত সপ্তাহের তুলনায় ২৭ সেন্ট বেড়ে ৩ ডলার ২৫ সেন্টে দাঁড়িয়েছে।

আরটিভি/এমআই