শনিবার, ০২ মে ২০২৬ , ০৮:৪০ পিএম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সব ধরনের গাড়ি ও ট্রাক প্রবেশের ক্ষেত্রে এবার নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণা বাস্তবায়ন হলে ইইউভুক্ত দেশগুলো থেকে গাড়ি ও ট্রাক আমদানি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।
শুক্রবার (১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে নতুন এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
অবশ্য, ইউরোপীয় কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের ভেতরে গাড়ি ও ট্রাক উৎপাদন করে, তাহলে তাদের ওপর কোনও শুল্ক আরোপ করা হবে না।
বড় ধরনের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ হিসেবে ট্রাম্প দাবি করেন, সম্পূর্ণভাবে সম্মত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করলেও তা মেনে চলছে না ইউরোপীয় ইউনিয়ন।
তবে, ট্রাম্পের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইউরোপীয় কমিশন। তাদের বার্তা অনুযায়ী, একটি স্থিতিশীল ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
জার্মানির গাড়ি শিল্প সংগঠন ভিডিএ-এর সভাপতি হিল্ডেগার্ড ম্যুলার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে বিদ্যমান চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধানের কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, অতিরিক্ত শুল্কের খরচ অনেক বেশি হবে এবং এর প্রভাব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপরই পড়বে।
এদিকে ট্রাম্পের নতুন এই ঘোষণা মার্কিন অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানবে বলে অভিমত বিশেষজ্ঞদের। বিশেষ করে, যখন ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলামান যুদ্ধের আবহ ভঙ্গুর এক পরিস্থিতি সৃষ্টি করেছে দেশটির অর্থনীতিতে।
যুক্তরাষ্ট্র ও ইইউ আগের চুক্তি অনুযায়ী, বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণা অনুযায়ী, ১০ শতাংশ বৃদ্ধি করে তা ২৫ শতাংশ করা হচ্ছে।
২০২৫ সালে হওয়া যুক্তরাষ্ট্র-ইইউ চুক্তিটি ‘টার্নবেরি অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত, যা স্কটল্যান্ডে ট্রাম্পের একটি গলফ কোর্সের নামানুসারে রাখা হয়েছে। তবে, মার্কিন সুপ্রিম কোর্টের রায় এবং নতুন করে শুল্ক আরোপের হুমকির কারণে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই চুক্তির কার্যকারিতা।
আরটিভি/এসএইচএম