images

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০১:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লারেডো শহরে মহাসড়কে আছড়ে পড়েছে একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায়। 

বুধবার (১৭ জুন) মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদন থেকে জানা গেছে তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মহাসড়ক জুড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হলেও মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, রাত ১০টার কিছু পর বিমানটি লুপ-২০ মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image

লেবাননে নতুন হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।

প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে তিনি দুর্ঘটনাটি দেখেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, বিমানের ভেতরে থাকা একজন ব্যক্তি ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজনও উদ্ধারকাজে এগিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে কিশোর-কিশোরী বলে মনে হওয়া তিনজন দ্রুত বেরিয়ে আসেন। তাদের পেছনে পাইলট সদৃশ একজন ব্যক্তিও বের হন। পরে আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা একজনকে বিমান থেকে বের করার চেষ্টা করেন।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে গারজা বলেন, ‘দৃশ্যটা যেন সিনেমার মতো ছিল। আগুন দেখে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম। কারণ বিমানটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারত।’

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এখনও।

আরটিভি/এসএইচএম