সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোতে মাত্র তিনদিনে কমপক্ষে ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত ১৯ জুন শুক্রবার বিকেল থেকে ২১ জুন রোববার বিকেল পর্যন্ত এসব হামলায় প্রাণ হারিয়েছেন মোট ৭ জন। সেইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৩৮ জন।
সোমবার (২২ জুন) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
টানা তিনদিনে একের পর এক এমন বন্দুক হামলায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, আমি বুঝতে পারছি না যে কেন গভর্নর প্রিৎজকার (জে বি প্রিৎজকার) আমার কাছে সহযোগিতা চাইছেন না। আমি শিকাগোকে মাত্র এক মাসের মধ্যে নিরাপদ এবং এক বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর করতে পারি।
যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা এবং ইলিনয় রাজ্যের গভর্নর অবশ্য জে বি প্রিৎজকার অবশ্য এখনও ট্রাম্পের এই আহ্বানের কোনো প্রতিক্রিয়া জানাননি।
শিকাগো পুলিশের তথ্য অনুসারে, নিহত ৭ জনের মধ্যে ৩ জন খুন হয়েছিলেন প্রথম দিন গত শুক্রবার (১৯ জুন)। পরের দুদিন অর্থাৎ শনি ও রোববার নিহত হন আরও ৪ জন।
শুক্রবার যেদিন বন্দুক হামলা শুরু হয়, সেদিন ছিল ‘জুনটিন্থ’। ১৮৬৫ সালে এই দিনে দেশটি থেকে চূড়ান্তভাবে দাস প্রথার বিলুপ্তি ঘটে। সেই থেকে এই দিবসটি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রে।
এদিকে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। একইসঙ্গে অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আরটিভি/এসএইচএম