শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৬:৪৪ পিএম
বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করে।
জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। সিলেবাস প্রকাশের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ পেলেন প্রার্থীরা।
এদিকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর নির্ধারণ করে সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার এ পরিবর্তনের কারণে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) থেকে নতুন করে আবেদন গ্রহণ শুরু হতে পারে। আবেদন গ্রহণ চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এ অবস্থায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য আগে আবেদন করা প্রায় ৮৬ হাজারের বেশি শিক্ষকের আবেদন ফি ফেরত দেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীর ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানা গেছে। কীভাবে এই অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অর্থ ফেরত দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এসএইচএম