সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০১:৪০ পিএম
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ডিবি পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৯ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
ডিবি জানায়, গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলার এজাহারনামীয় আট নম্বর আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ডিবি। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জাল-জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলার আসামি এই আজিজ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা নিয়ে আসছিল আজিজসহ তার সহযোগীরা। এ ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
মামলার বাদী এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী জানান, এরশাদ গ্রুপের নারায়ণগঞ্জে গড়ে তোলা রড তৈরি কারখানার মেশিনারিজ ও মালামাল লুটের সঙ্গেও জড়িত আজিজ। এ ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলা ওই কারখানা দখল নিতে প্রথমে এরশাদ গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। পরে শামীম ওসমান, আজিজসহ তার সহযোগীরা কারখানাটিতে লুটপাট চালায়। সেখানে এখন শুধু জমি পড়ে রয়েছে।
এরশাদ আলী বলেন, আজিজসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাডারদের চাঁদাবাজি ও লুটপাটে নিঃস্ব হয়েছে এরশাদ গ্রুপ। আজ ঋণের দায়ে দেউলিয়া হওয়ার পেছনে এই চক্রের হাত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করা হয়।
আরটিভি/আইএম