বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০২ এএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় ১১ বছর বয়সী গৃহকর্মী মোহনার ওপর হওয়া নির্যাতনের ঘটনায় আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বিচারক।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে রোববার (৮ ফেব্রুয়ারি) মোহনা ২২ ধারায় জবানবন্দি দেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ অভিযুক্ত সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী ও দুই গৃহকর্মীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে।
বিচারক জবানবন্দি উদ্ধৃত করে বলেন, মোহনাকে বাঁশ ও লাঠি দিয়ে নিয়মিত পেটানো হতো। তার চোখের মধ্যে মরিচের গুঁড়া দেওয়া হতো। তাকে বাথরুমে লুকিয়ে রাখা হতো, যেখানে খাবার দেওয়া হতো না। বাথরুমের পেস্ট খেতে হতো, টয়লেটের পানি পান করতে হতো, শীতের পোশাক দেওয়া হতো না। হাত, পা, পিঠ ও কপালে মারার চিহ্ন ও পোড়ার দাগ রয়েছে। চিকিৎসার পরও তার শারীরিক অবস্থা মারাত্মক।
বিচারক কক্ষে এই বর্ণনা শোনার পর আইনজীবীরা উত্তেজিত হয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। শুনানি শেষে আদালত সাফিকুর রহমানকে ৫ দিন, তার স্ত্রী বিথীকে ৭ দিন এবং দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে যথাক্রমে ৫ ও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় উত্তরার এক বাসা থেকে মোহনার ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই সহকর্মীকে গ্রেফতার করা হয়।
আরটিভি/এসকে