মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:২২ পিএম
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। এই গণভোটের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে এবং এর ফলাফল স্থগিত চেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন। আবেদনটিতে মূলত গণভোট অনুষ্ঠানের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ গণমাধ্যমকে রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত ১২ ফেব্রুয়ারি গণভোট আয়োজনের বৈধতা এবং পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলের গেজেটটি স্থগিত করার জন্য এই আবেদন করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, যে প্রক্রিয়ায় এই গণভোট সম্পন্ন হয়েছে তা পর্যালোচনার দাবি রাখে এবং এ কারণেই এর ফলাফল বাতিল করার আর্জি জানানো হয়েছে। আইনজীবী আরও জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে জনগণের রায় নিতে গণভোট আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলের গেজেট অনুযায়ী, এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ভোটার প্রস্তাবগুলোর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অন্যদিকে, ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। অর্থাৎ ‘না’ ভোটের তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে প্রস্তাবটি জনসমর্থন লাভ করেছে।
আরটিভি/এআর