images

আইন-বিচার

চাঁদপুরের ৩ মামলায় দীপু মনিকে শোন অ্যারেস্ট

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৭:৫০ পিএম

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্ট তিনটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।

আদালত সূত্রে জানা গেছে, তিনটি পৃথক মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে উপস্থিত হয়ে আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলাগুলোর মধ্যে রয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ।

একটি মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে, যেখানে দীপু মনিকে প্রধান আসামি ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

আরেকটি মামলায় বলা হয়, ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় তার ইন্ধনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। তৃতীয় মামলায় একই দিনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ভবনের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায়ও তাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আদালতে দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই অভিযোগ অস্বীকার করে বক্তব্য দেন।

আদালত তদন্তের স্বার্থে তিনটি মামলাতেই তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষে একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে