images

আইন-বিচার

হাইকোর্টে জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৫:৩৩ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সাগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন দেওয়ার পাশাপাশি আদালত এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবুল সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি।

শুনানি শেষে আইনজীবী গাজী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অন্য কোনো মামলা না থাকলে হাইকোর্টের এই আদেশের ফলে আবুল সরকারের কারামুক্তিতে কোনো বাধা নেই। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে অংশ নেন আবুল সরকার। সেখানে তার পরিবেশনা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এমন অভিযোগ এনে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।

আরটিভি/এসকে