মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:১২ পিএম
দেশের বিচার বিভাগ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক পৃথক শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজের চিঠিতে অভিযুক্ত বিচারকদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।
এ ছাড়া, আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।
এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
আরটিভি/এআর