images

আইন-বিচার

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক ডি‌জিএফআই কর্মকর্তা আফজাল নাছের 

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৩:৪৩ পিএম

রাজধানীর পল্টন থানায় করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে বুধবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ চার দিনের রিমান্ডের এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামি বিগত সরকারের সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। মামলার সুষ্ঠু তদন্ত ও তথ্য উদ্ঘাটনের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুন
Web-Image

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

অন্যদিকে আফজাল নাছেরের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, এই মামলায় আসামির নাম থাকা ছাড়া সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। গত তিন দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান তিনি।

এর আগে, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন নিহতের মামলায় গত ৩০ মার্চ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এরপর মকবুল হত্যা মামলায় গত রোববার থেকে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। এ নিয়ে তিন দফায় তাকে রিমান্ডে নেয়া হলো।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচিকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মকবুল হোসেন। এই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন।

আরটিভি/এমএ