images

আইন-বিচার / দেশজুড়ে

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৮:২৬ পিএম

মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন আবেদন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু হোসেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি খাতুন মারা যান।

আরও পড়ুন
Web-Image---Copy

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার

এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-১৮০/১৩)।

দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

আরটিভি/এমএইচজে