রোববার, ১০ মে ২০২৬ , ০৫:৩৮ পিএম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে গাজীপুর-৫ আসনের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে গত ২১ জানুয়ারি ২০২৫ সালে মামলা দায়ের করা হয়। দুদকের আবেদনে বলা হয়, রমনা ও গাজীপুরের বিভিন্ন ঠিকানায় তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে কর অঞ্চল-৫-এ থাকা মেহের আফরোজ চুমকির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের বিরুদ্ধে গত বছরের ২১ জানুয়ারি মামলা করা হয়। তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের রংপুর অঞ্চলের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)-সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
আরটিভি/এমএ