images

আইন-বিচার

ছাগলকাণ্ডে’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৫ জুলাই

সোমবার, ১১ মে ২০২৬ , ১২:২৪ পিএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুলাই নির্ধারণ করেছেন আদালত। 

সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি প্রায় ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালে কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যা পরে ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিতি পায়। ওই ঘটনায় মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবকের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ড-এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়।

পরবর্তীতে দুদকের অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। এছাড়া তাদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবার হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাবও জব্দ করা হয়।

আরটিভি/এসকে