রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেষ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, আজ থেকে তার সাজা ভোগ শুরু হলো। এখন রায়ের সার্টিফাইড কপি পেলে তিনি আপিল করতে পারবেন।
এর আগে শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই অভ্যুত্থান চলার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। এ বছরের ৯ এপ্রিল ওই মামলার রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওইদিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন হাসিবুর রশীদ। ক্যাম্পাস ছাড়ার পর ৮ আগস্ট পদত্যাগ করেন তিনি।
আরটিভি/এমএস