images

আইন-বিচার / দেশজুড়ে

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আ.লীগের নেতা

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৬:৩৫ পিএম

সাবেক সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন তার বড় ছেলে ও সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন। 

শনিবার (৩০ মে) সকালে তিনি কারাগার থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, বেলা ৩টায় বালিয়াডাঙ্গীর শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
an

রামিসা মামলায় বিচারকার্য দ্রুত সম্পন্নে রাষ্ট্রপক্ষ সহায়তা করবে: আইনমন্ত্রী

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করা এই বর্ষীয়ান রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। শুরুতে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতি করতেন এবং দলটির প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ১৯৯১ সালের নির্বাচনে সংসদ সদস্য হন। পরে ১৯৯৬ সালে সিপিবির আদর্শ ছেড়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।

তার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং ওই বছরের ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। পরে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 
 
পিতার শেষ বিদায়ে শরিক হতেই বর্তমানে কারাবন্দি ছেলে মাজহারুল ইসলাম সুজনকে সাময়িক সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি