বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:৪২ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন গত ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
এবারের নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। মোট ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন।
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত ১৩ মে গঠিত এই কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
হাইকোর্টের এ আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৭ জুন বিসিবি নির্বাচন আয়োজনের পথ পুরোপুরি উন্মুক্ত হলো।
আরটিভি/এসকে