সোমবার, ০৮ জুন ২০২৬ , ১১:৩৮ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি এসেছে। আলোচিত এ মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান ও সৈনিক শাহীন আলমের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তনু হত্যাকাণ্ডের সময় দুজনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এদিকে মামলার তদন্তে সম্প্রতি নতুন তথ্য সামনে এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা বিশ্লেষণে নতুন একজনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এর আগে তিনজনের নমুনা শনাক্ত হলেও নতুন করে আরও একজনের রক্তের নমুনা মিলেছে বলে জানা গেছে।
অন্যদিকে এ মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরটিভি/এমএইচজে