বুধবার, ১০ জুন ২০২৬ , ০৪:০৬ পিএম
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকলল্পনা মন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী ও রাজনৈতিক সচিব এবং ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি হাসনাত হোসনসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাসনাত হোসেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এছাড়া ওই বছরের ১৬ আগস্ট জেলার জগন্নাথপুর উপজেলা মীরপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানোর মামলার ২নং আসামি রাজনীতি নিষিদ্ধ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ দুপুরে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে আমলগ্রহণকারী আদালত জগন্নাথপুর জোনের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
হাসনাত হোসেন ও রেজাউল করিম রিজুকে কারাগারে পাঠানোর আদালতের আদেশ প্রদানের বিয়য়টি নিশ্চিত করেছেন, পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোজাম্মেল হোসেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ দোয়ারাবাজারের জহুরের ভাই হাফিজ আহমেদের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লোখ করা ৯৯ জনের মধ্যে হাসনাত হোসেন ৪৯ নম্বর আসামি। এই মামলার অজ্ঞাত আসামি ২০০ জন। ইতোমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক বেশ কিছু দিন কারাভোগ করার পর আদালত থেকে জামিনে রয়েছেন।
আরটিভি/এমএইচজে