images

আইন-বিচার

জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৯:৩৬ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

এর আগে, সংরক্ষিত মহিলা আসন-৪৫ থেকে নির্বাচিত বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান বিএনপি সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা দিয়েছে, যা রাজনৈতিক সুরক্ষাও বটে। তার বক্তব্য ও আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।’

আরও পড়ুন
Web-Image---Copy

জামায়াতপন্থি ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

তিনি বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমই একটি রাজনৈতিক দলিল এবং জননীতির অংশ। সরকার কেবল আইনি কাঠামোর মাধ্যমেই সুরক্ষা দিতে পারে। জুলাই চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে, যা একই সঙ্গে রাজনৈতিক সুরক্ষাও।

মন্ত্রী আরও বলেন, 'যদি তিনি (সংসদ সদস্য) জুলাই যোদ্ধাদের জন্য আরও কোনো ধরনের সুরক্ষার সুপারিশ করেন, সরকার তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে।'

বাজেট অধিবেশনে বক্তব্যকালে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং জামায়াত-সমর্থিত জোটের মনোনীত সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিলেও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করেনি।
 
তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সংসদে এ ব্যাখ্যা দেন।

আরটিভি/ এসকেডি