বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৪:৫২ পিএম
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছিল। ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) ঘটনার ৫ দিনের মাথায় নিজেই মামলাটি প্রত্যাহার করেন বাদী। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল আহমেদের পক্ষে প্রত্যাহারের পিটিশন দায়ের করা আইনজীবী মো. জাফর আলী।
আইনজীবী মো. জাফর আলী বলেন, ‘বিষয়টি মীমাংসা হয়েছে। তাই তিনি মামলাটি প্রত্যাহার চান মর্মে জানালে, আমরা সেটি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে দরখাস্ত করি।’
তবে এ বিষয়ে জানতে জালাল আহমেদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এর আগে থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়—মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন মুফতি ফয়জুল করীম।
আরটিভি/এসএস