মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৫:১৯ পিএম
জয়পুরহাটে শিশু ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বাবা মালয়েশিয়া প্রবাসী। সেই সুবাদে সে মাকে নিয়ে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে থাকতেন। গত ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে রনি তাকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।
মেয়েটি বাড়িতে আসার পরদিন অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা করা হয়। মামলার শুনানি ও ৮ জনের সাক্ষী শেষে আদালত এ রায় দেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও স্পষ্ট হলো।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, রিনাত ফেরদৌসী রিনি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।
আরটিভি/এমএইচজে