মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ , ১১:১৭ এএম
নারীদের সাজসজ্জার অন্যতম ও আকর্ষনীয় অনুষঙ্গ হল লিপস্টিক। পরিপূর্ণ ও ভারি ধাঁচের মেকআপ থেকে শুরু করে, ক্লাস কিংবা অফিসে যাওয়া, কিংবা ছোট বড় সব অনুষ্ঠানের জন্য হালকা সাজ এবং গর্জিয়াস মেকাপের জন্য লিপস্টিক ব্যবহার করতেই হয়। সামান্য লিপস্টিকের স্পর্শে চেহারার ক্লান্তি, বিষন্নতা অনেকখানি ঢেকে ফেলা সম্ভব।
লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে ব্র্যান্ড নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ তেমন জরুরী ত্বকের রঙের ধরণ বুঝে লিপস্টিকের রঙ নির্বাচন করা। ত্বকের বর্ণ ফেয়ার, মিডিয়াম, ট্যান ও ডার্ক-এই চারটি ভাগে বিভক্ত করে সুইট, ন্যুড ও বোল্ড- এই তিনটি ভাগে লিপস্টিকের রঙ নির্বাচন করা হয়।
স্কিনের ধরণ বুঝবেন কীভাবে?
প্রথমেই নিজের ত্বকের আন্ডারটোনটা চিনে নিন। প্রাকৃতিক আলোতে হাতটা ওপরে তুলে ধরুন এবং হাতের কব্জির ভিতরের শিরা দেখার চেষ্টা করুন। শিরার রঙ যদি নীল অথবা বেগুনি হয় তাহলে আপনার স্কিন টোন কুল টাইপ।
যদি সবুজ হয়, তবে স্কিন টোন ওয়ার্ম টাইপ। আপনাকে যদি রুপার গয়নায়, নীল বা লাল পোশাকে বেশি মানায়, তাহলে আপনার কুল আন্ডারটোন। সোনার গয়না অথবা হলুদ বা কমলায় আপনাকে বেশি মানিয়ে যায়, তা হলে আপনার ওয়ার্ম আন্ডারটোন। প্রাকৃতিক আলোতেও স্কিন টোন ভালো বোঝা যায়।
স্কিনটোন অনুযায়ী লিপস্টিক বাছাই
লালের বিভিন্ন শেডের লিপস্টিক
ট্র্যাডিশনাল লুকে অথবা রাতের পার্টিতে সবখানেই লাল লিপস্টিক সহজে মানিয়ে যায়। লাল রং উজ্জ্বল বর্ণের মেয়েরা যেমন ব্যবহার করতে পারেন, তেমনি শ্যামলারাও দিতে পারেন। ব্রাইট রেড, অরেঞ্জ রেড, সিঁদুর লাল, নিওন অরেঞ্জ এগুলো কুল আন্ডারটোনে দারুণ মানাবে। ফর্সা স্কিন হলে চোখ বুজে এই শেডগুলো বেছে নিতে পারেন। মিডিয়াম টোনের সাথে টমেটো রেড, চাপা বা শ্যামলা রঙের সাথে গাঢ় লাল বা মেরুন রেড রঙের লিপস্টিক খুব ভালো মানায়।
গোলাপি লিপস্টিক কোন ত্বকে মানাবে?
ফর্সা ত্বকের আন্ডারটোন সাধারণত গোলাপি ঘেঁষা হয়, ফলে গোলাপির নানা শেড তারা অনায়াসে পরতে পারেন। বেবি পিঙ্ক, লাইট পিঙ্ক, কটনক্যান্ডি পিঙ্ক এগুলো ফেয়ার স্কিনের জন্য ভালো। মিডিয়াম স্কিনে রোজি পিঙ্ক, কোরাল, পীচ, ম্যাজেন্টা খুব ভালো লাগে। আর শ্যাম বর্ণের হলে ডীপ শেডের যেমন- ডার্ক ম্যাজেন্টা, গাঢ় জাম রং কিংবা ক্যানবেরি।
ব্রাউন লিপস্টিকের ব্যবহার
রাতের কোনো পার্টিতে অনেকেই ব্রাউন কালারের লিপস্টিক পছন্দ করেন। ন্যুড ব্রাউন, লাইট ব্রাউন এগুলো ফেয়ার স্কিনের সাথে খুব ভালো যায়। মভ, কফি ব্রাউন, ওয়ার্ম ব্রাউন এই শেডগুলো ওয়ার্ম আন্ডারটোনের জন্য বেস্ট। শ্যামবর্ণ যারা তারা চকোলেট ব্রাউন, ডীপ মভ ট্রাই করতে পারেন।
ন্যুড কালারের লিপস্টিক
ইদানিং ন্যুড কালারের লিপষ্টিক ভীষণ জনপ্রিয়। পারফেক্ট শেডের ন্যুড লিপস্টিক এই সাজকে দারুণভাবে ফুটিয়ে তোলে। স্মোকি আইলুকের সাথে রোজি-পিঙ্ক ন্যুড, ন্যাচারাল ন্যুড পারফেক্ট। মিডিয়াম টোনের স্কিনের জন্য ন্যুড ব্রাউন, কোরাল ন্যুড, কেরামেল ন্যুড এগুলো রেগ্যুলার ব্যবহারযোগ্য শেড। আর ফর্সা হলে লাইট, ট্যান, পীচ-ন্যুডের এই শেডগুলো খুব সহজেই বেছে নিতে পারেন।