শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ১২:৫৪ পিএম
পিঠ, কোমর কিংবা পায়ে ব্যথা হলে আমরা প্রায়শই ধরে নিই, শরীরে ভিটামিন ডি’র ঘাটতি রয়েছে। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, তবে শুধু এই ব্যথাতেই সীমাবদ্ধ নয় এই ভিটামিনের অভাবের প্রভাব। চিকিৎসকরা বলছেন, শরীরে ভিটামিন ডি’র পরিমাণ কমে গেলে নীরবে নানা ধরনের জটিল ও মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায়।
ভিটামিন ডি মূলত ক্যালশিয়াম শোষণে সাহায্য করে, যা হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এর ঘাটতি হলে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, বাড়ে হাড়ে ব্যথা ও দুর্বলতার সমস্যা।
সম্প্রতি ইংল্যান্ডের ‘সায়েন্টিফিক রিপোর্ট’ নামক একটি গবেষণা জার্নালে প্রকাশিত ২০২৪ সালের এক সমীক্ষায় উঠে এসেছে, শহরতলি ও গ্রামীণ এলাকার অনেক প্রাপ্তবয়স্কর মধ্যেই ভিটামিন ডি ঘাটতির প্রবণতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৯৪ শতাংশের শরীরে ভিটামিন ডি’র ঘাটতি রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তবে সমস্যা এখানেই শেষ নয়। গবেষকরা বলছেন, ভিটামিন ডি’র অভাব টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে শর্করা বিপাকে প্রভাব পড়ে। ২০১৮ সালে একটি গবেষণায় দেখা যায়, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
এছাড়া মানসিক স্বাস্থ্যের সঙ্গেও এই ভিটামিনের সম্পর্ক রয়েছে। মন ভালো রাখার জন্য দায়ী সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারের ক্ষরণ ভিটামিন ডি’র ওপর নির্ভরশীল। এই ভিটামিন কমে গেলে ক্লান্তি, অবসাদ এমনকি হতাশাজনিত লক্ষণ দেখা দিতে পারে।
আরও আশঙ্কাজনক বিষয় হলো, কিছু ক্যানসার রোগের ক্ষেত্রেও ভিটামিন ডি’র ঘাটতির প্রভাব রয়েছে। ২০১৫ সালে ‘এমডিপিআই’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, কোলোরেক্টাল, স্তন ও প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে ভিটামিন ডি’র স্বল্পতা। কিছু গবেষণা অনুসারে, এই ভিটামিন ক্যানসারের চিকিৎসাতেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রোদে থাকা, ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খাওয়া এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করে শরীরে ভিটামিন ডি’র মাত্রা ঠিক রাখা জরুরি। কারণ, একবার এই ঘাটতি শুরু হলে তা নীরবে নানা জটিল রোগের পথ প্রশস্ত করতে পারে।
আরটিভি/এসকে