শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৮ পিএম
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় রোগীর অস্ত্রোপচারের স্থানকে বলা হয় ‘অপারেশন থিয়েটার’। অনেকের মনে প্রশ্ন জাগে এখানে তো নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তবে কেন নামের সঙ্গে ‘থিয়েটার’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে?
বিশেষজ্ঞরা জানান, এর পেছনে রয়েছে ইতিহাস। ১৯০০ শতাব্দীর শুরুতে ইউরোপে চিকিৎসাশাস্ত্র শেখানোর সময় ডাক্তাররা খোলা মঞ্চের মতো কক্ষে রোগীর অস্ত্রোপচার করতেন। চারদিকে ছিল আসনবিন্যাস, যেখানে ছাত্রছাত্রী ও অন্যান্য চিকিৎসকরা বসে পর্যবেক্ষণ করতেন। ঠিক নাট্যমঞ্চের মতোই সারিবদ্ধ দর্শক আসন থাকায় সেই কক্ষকে বলা হতো ‘অপারেটিং থিয়েটার’।
লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের একটি প্রাচীন অপারেশন থিয়েটার। ১৮২২ সালের এই অপারেশন থিয়েটারে ছিল চলচ্চিত্র প্রেক্ষাগৃহ অর্থাৎ মুভি থিয়েটারের মতো আসন বিন্যাস। চিকিৎসকগণ রোগীর অস্ত্রোপচার করার সময় শিক্ষানবিশ চিকিৎসকরা আসনগুলো বসে অস্ত্রোপচারের বাস্তব অভিজ্ঞতা পেতো। এটা এখন একটা জাদুঘর।
এ ছাড়া প্রাচীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি থিয়েটার থাকতো যেখানে শিক্ষক মৃতদেহে অস্ত্রোপচার করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতেন। শিক্ষার্থীরা এই রকম আসন বিন্যাসেই বসতো। মূলত এমন থিয়েটারের মত ব্যবস্থার কারণেই একে অপারেশন থিয়েটার বলা হয়!
পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তি ও সরঞ্জামের উন্নতি ঘটে। বন্ধ কক্ষে উন্নত জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন শুরু হলেও ‘থিয়েটার’ শব্দটি থেকে যায় নামের সঙ্গে। বর্তমানে আধুনিক হাসপাতালের অপারেশন কক্ষকে সারা বিশ্বেই এখনো বলা হয় অপারেশন থিয়েটার (OT)।
চিকিৎসকদের মতে, এই ঐতিহাসিক নামই আজ বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থার একটি স্বীকৃত পরিভাষা হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে