মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৪:৩০ পিএম
গরমের তীব্র দিনে হোক বা শীতের হালকা ঠান্ডায়, ঘরের ভেতর বাতাস চলাচল ঠিক রাখতে ফ্যান এখন প্রায় সারা বছরের সঙ্গী। কখনো গরম কমাতে, আবার কখনো ঘরের ভাপসা ভাব দূর করতে আমরা অটোম্যাটিকভাবেই ফ্যানের সুইচটা অন করে দিই। তবে আরাম মিললেও মাস শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেই দ্বিধায় পড়েন, ‘এত বিল কেন? ফ্যান কি সত্যিই এত বিদ্যুৎ খরচ করে?’
আসলে খুব সহজ এক হিসাব করলেই বোঝা যায় প্রতিদিন চালানো ফ্যানটি মাসে ঠিক কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে এবং তার বিপরীতে কত টাকা গুনতে হচ্ছে। আজকের লেখায় সেই সহজ হিসাবই ধাপে ধাপে তুলে ধরা হলো, যেন আপনি নিজেই সহজে ফ্যানের খরচ নির্ণয় করতে পারেন।
ফ্যানের বিদ্যুৎ খরচ নির্ণয়ের পদ্ধতি
.সাধারণত একটি সিলিং ফ্যান ৭০ ওয়াট থেকে ১০০ ওয়াটের হয়। ধরুন, আপনার ফ্যান ৭০ ওয়াটের।
.প্রতি ঘণ্টায় বিদ্যুৎ ব্যবহার = ৭০ ওয়াট = ০.০৭ কিলোওয়াট (১ কিলোওয়াট = ১০০০ ওয়াট)
.যদি দিনে ১০ ঘণ্টা ফ্যান চালান, তাহলে দৈনিক বিদ্যুৎ ব্যবহার = ১০ × ০.০৭ = ০.৭ কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট)
.বিদ্যুতের দাম প্রতি ইউনিট = ৭ টাকা ৫০ পয়সা (৭.৫০ টাকা)
.দৈনিক খরচ = ০.৭ × ৭.৫০ = ৫.২৫ টাকা
.মাসে (৩০ দিন) খরচ = ৫.২৫ × ৩০ = ১৫৭.৫ টাকা (প্রায় ১৫৮ টাকা)
অন্য একটি উদাহরণ
আপনার ফ্যান যদি ১০০ ওয়াটের হয়,
.দৈনিক ব্যবহার (১০ ঘণ্টায়) = ১০ × ১০০ ওয়াট = ১০০০ ওয়াট-ঘণ্টা = ১ কিলোওয়াট-ঘণ্টা
.মাসে (৩০ দিনে) ব্যবহার = ১ × ৩০ = ৩০ কিলোওয়াট-ঘণ্টা (৩০ ইউনিট)
.মাসিক খরচ = ৩০ × ৭.৫০ = ২২৫ টাকা
খেয়াল রাখুন
এই হিসাব সম্পূর্ণ নির্ভর করে ফ্যানের পাওয়ার (ওয়াট) এবং বিদ্যুতের প্রতি ইউনিট দামের উপর। বর্তমানে বাজারে অনেক কম বিদ্যুৎ খরচ হয় এমন আধুনিক ও এনার্জি সেভিং ফ্যান পাওয়া যায়, যেগুলোর মাসিক খরচ আরও কম হতে পারে।
সুতরাং, আপনার ফ্যানের শক্তি (ওয়াট) এবং দৈনিক চালানোর ঘণ্টা জানা থাকলেই আপনি সহজেই মাসিক বিদ্যুৎ খরচ নির্ণয় করতে পারবেন।
উল্লেখ্য, একটি ৭০ ওয়াটের ফ্যান যদি দিনে ১০ ঘণ্টা চালানো হয়, তাহলে মাসে খরচ হবে প্রায় ১৫৮ টাকা। আর ১০০ ওয়াটের ফ্যান চালালে প্রায় ২২৫ টাকা। এই সহজ হিসাব আপনাকে আপনার বিদ্যুৎ বিল বুঝতে সাহায্য করবে এবং বাজেট পরিকল্পনায় সাহায্য করবে।
আরটিভি/এসকে