সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৯ পিএম
ভালোবাসার প্রকাশে আজ একটু বাড়তি মিষ্টতার দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস সপ্তাহের অন্যতম বিশেষ দিন ‘চকোলেট ডে’। গোলাপ আর মনের কথার পর প্রিয়জনের হাতে চকোলেট তুলে দিয়ে সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দেয় এই দিনটি।
ভালোবাসার সপ্তাহে চকোলেট ডের গুরুত্ব আলাদা করে চোখে পড়ে। কারণ, মিষ্টি খাবারের সঙ্গে আবেগের সম্পর্ক বহুদিনের। অনেকের কাছে চকোলেট শুধু উপহার নয়, বরং অনুভূতি প্রকাশের এক সহজ মাধ্যম। যারা এখনও ভালোবাসার কথা সরাসরি বলতে পারেননি, তাদের জন্যও চকোলেট ডে হয়ে উঠতে পারে অনুভূতি জানানোর এক নিরাপদ উপলক্ষ।
চকোলেট ডে শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্ধুদের আড্ডা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতেও চকোলেটের বিকল্প নেই। তাই ডায়েটের কথা ভুলে আজ একটু বেশি ক্যালরি গ্রহণ করলেও ভালোবাসার মিষ্টতা ছড়িয়ে পড়ছে চারদিকে।
বিশেষজ্ঞদের মতে, উপহার হিসেবে চকোলেট নির্বাচনেও রয়েছে নানা ধরন ও ভাবনা। স্বাস্থ্যসচেতনদের জন্য ডার্ক চকলেট বেশ জনপ্রিয়। কম চিনিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই চকলেট প্রাপ্তবয়স্কদের কাছে বেশি গ্রহণযোগ্য। ডার্ক চকলেট বারের পাশাপাশি ট্রাফল কিংবা সামুদ্রিক লবণযুক্ত ডার্ক চকলেটও উপহারের তালিকায় রয়েছে।
অন্যদিকে, মিল্ক চকলেট এখনো সবচেয়ে জনপ্রিয় বিকল্প। দুধ ও চকলেটের মিশ্রণে তৈরি এই মিষ্টি ও ক্রিমি স্বাদের চকলেট শিশু থেকে শুরু করে সব বয়সীদের কাছেই সমান প্রিয়। ক্যারামেল বা বাদামযুক্ত মিল্ক চকলেট বিশেষ দিনগুলোতে উপহারের জন্য বেশ উপযোগী।
স্বাদের ভিন্নতা পছন্দ করেন এমনদের জন্য রয়েছে হোয়াইট চকলেট। মাখন ও ক্রিমি স্বাদের এই চকলেট নতুন স্বাদ পরীক্ষায় আগ্রহীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।
বর্তমানে থিমভিত্তিক চকলেট উপহারও জনপ্রিয় হয়ে উঠছে। চকোলেট ডে উপলক্ষে রকমারি চকলেটের কাস্টমাইজড বক্স, হৃদয় আকৃতির ভ্যালেন্টাইন চকলেট কিংবা উৎসবভিত্তিক বিশেষ চকলেট বক্স বাজারে পাওয়া যাচ্ছে।
সব মিলিয়ে চকোলেট ডে মনে করিয়ে দেয় ভালোবাসা প্রকাশের ভাষা নানা রকম হতে পারে। আন্তরিকতা থাকলে ছোট্ট এক টুকরো চকোলেটও হয়ে উঠতে পারে বড় অনুভূতির প্রতীক। আজকের এই মিষ্টি দিনের পর আগামীকাল ভ্যালেন্টাইনস সপ্তাহে পালিত হবে ‘টেডি ডে’।
আরটিভি/এসকে