images

লাইফস্টাইল

ইফতারে ডাবের পানি না আখের রস কোনটি বেশি উপকারী

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৪ এএম

ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানীয় যেন শরীরকে প্রাণ জুড়ে দেয়। অনেকেই প্রাকৃতিক বিকল্প হিসেবে ডাবের পানি বা আখের রস বেছে নেন। তবে হাইড্রেশন, ক্যালোরি, চিনির মাত্রা ও হজম-সব দিক বিবেচনায় কোনটি বেশি স্বাস্থ্যসম্মত, তা জানা জরুরি।

হাইড্রেশন ও ইলেক্ট্রোলাইট
ডাবের পানিতে প্রাকৃতিকভাবে পটাসিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, তা দ্রুত পূরণে এই ইলেক্ট্রোলাইটগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের দিনে বা ঘাম বেশি হলে ডাবের পানি শরীরকে দ্রুত হাইড্রেট করে।
আখের রসেও কিছু খনিজ থাকে, তবে ডাবের পানির মতো সুষম ইলেক্ট্রোলাইট নেই। তাই সরাসরি পানিশূন্যতা কাটাতে ডাবের পানি তুলনামূলকভাবে বেশি কার্যকর।

চিনির মাত্রা ও ক্যালোরি
আখের রসে প্রাকৃতিক চিনি বেশি, যা রোজার পর শরীরকে তাৎক্ষণিক শক্তি দিতে পারে। তবে এতে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, তাই ডায়াবেটিস রোগী বা যারা ওজন নিয়ন্ত্রণে রাখছেন, তাদের সতর্ক থাকা প্রয়োজন। ডাবের পানিতে চিনি কম ও ক্যালোরিও কম, তাই হালকা ও স্বাস্থ্যসম্মত বিকল্প হিসেবে এটি বেশি উপযোগী।

হজমের উপর প্রভাব
রোজার পর অনেকের পেট সংবেদনশীল থাকে। আখের রস অতিরিক্ত পেলে পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি করতে পারে। ডাবের পানি হালকা ও সহজপাচ্য হওয়ায় হজমে কম সমস্যা সৃষ্টি করে।

পুষ্টিগুণের তুলনা
আখের রসে অ্যান্টিঅক্সিডেন্ট, অল্প আয়রন ও ক্যালসিয়াম থাকে। ডাবের পানিতে পটাসিয়াম বেশি, যা পেশী ও স্নায়ুর কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। হালকা পানিশূন্যতা, ডায়রিয়া বা হিট স্ট্রোকের সময় ডাবের পানি উপকারী। তবে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকলে ডাবের অতিরিক্ত পান না করাই ভালো।

সংরক্ষণ ও নিরাপত্তা
তাজা আখের রস দ্রুত পান করা উচিত। বাইরে থেকে কিনলে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বপূর্ণ। ডাবের পানি খোলার পর ৪-৬ ঘণ্টার বেশি রাখা উচিত নয়, তবে প্যাকেটজাত ডাবের পানি তুলনামূলকভাবে নিরাপদ ও সুবিধাজনক।

কোনটি বেছে নেবেন
দ্রুত হাইড্রেশন ও সতেজতার জন্য ডাবের পানি বেশি কার্যকর। তাৎক্ষণিক শক্তির প্রয়োজন হলে সীমিত পরিমাণে আখের রস উপকারী। সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে পানি বা ডাবের পানি দিয়ে ইফতার শুরু করে পরে আখের রস নেওয়া। সচেতন পছন্দ ইফতারকে স্বাস্থ্যসম্মত ও উপভোগ্য করে তুলতে পারে।

আরটিভি/এসকে