images

লাইফস্টাইল / পরামর্শ

পহেলা বৈশাখে ঢাকায় বেড়ানোর ৮ দারুণ জায়গা  

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০২:৫৭ পিএম

বাংলা নববর্ষ মানেই নতুন শুরুর ডাক, উৎসবের রঙে রাঙানো এক আনন্দমুখর দিন। চারদিকে লাল-সাদা সাজ, বাঙালিয়ানার ছোঁয়া আর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো রাজধানী। প্রতি বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় গান, নাচ, শোভাযাত্রা ও বৈশাখী মেলার মতো নানা উৎসবমুখর আয়োজন। সরকারি ছুটির এই দিনটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে উপভোগ করা যায় বাংলা নববর্ষের প্রাণবন্ত আমেজ।

তাই পহেলা বৈশাখের দিনে ঘুরে দেখার মতো ঢাকায় কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক—

রমনা বটমূল

পহেলা বৈশাখের সবচেয়ে ঐতিহ্যবাহী আয়োজন হয় রমনার বটমূলে। সকাল থেকেই এখানে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনজুড়ে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আশপাশে বসে উপভোগ করতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈশাখ উপলক্ষে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নাটকের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

সোহরাওয়ার্দী উদ্যান

প্রশস্ত সবুজ পরিবেশে সময় কাটানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যান একটি ভালো জায়গা। পহেলা বৈশাখে এখানে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন থাকে। যেখানে অনেক মানুষ আনন্দে মেতে ওঠেন।

আরও পড়ুন
skin

লাবণ্যময় ত্বকের টোটকা লুকিয়ে আছে ঘরেই

ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকা

পহেলা বৈশাখের অন্যতম বড় আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। টিএসসি এলাকায় এদিন তৈরি হয় এক ধরনের গ্রামীণ মেলার পরিবেশ। যেখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে।

ধানমন্ডি লেক

সকালে ধানমন্ডি লেক এলাকায়ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। মুক্তমঞ্চে দেখা যায় সাংস্কৃতিক পরিবেশনা, আর আশপাশে পাওয়া যায় নানা ধরনের বাঙালি খাবার।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

পহেলা বৈশাখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশে বসে ছোট ছোট খাবার ও খেলনার দোকান, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

বাংলা একাডেমির বৈশাখী মেলা

বাংলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে বসে বৈশাখী মেলা। এখানে কুটির শিল্পের বিভিন্ন পণ্য, দেশি খাবার, নাগরদোলা, পুতুলনাচসহ নানা আয়োজন থাকে।

পুরান ঢাকার ঐতিহ্য

ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরাবাজার বা চকবাজার এলাকায়। বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় হালখাতার আয়োজনও দেখা যায়।

হাতিরঝিল

যারা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য হাতিরঝিল হতে পারে ভালো গন্তব্য। লেকের পাশে হাঁটা, ঘোরাঘুরি আর রকমারি খাবার খেয়ে সুন্দরভাবে কাটাতে পারেন বৈশাখের দিনটি।

পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। তাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রাজধানীর এসব জায়গায় ঘুরে উপভোগ করতে পারেন নতুন বছরের প্রথম দিনটি।

 

আরটিভি/জেএমএ