শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৬:৩৯ পিএম
গরমের দিনে তরমুজ মানেই স্বস্তি। শরীর ঠাণ্ডা রাখা থেকে শুরু করে তৃষ্ণা মেটানো সবকিছুতেই এটি দারুণ কার্যকর। কিন্তু আমরা সাধারণত শুধু তরমুজের লাল অংশটুকুই খাই, আর ফেলে দিই খোসা ও বীজ। অথচ বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের এই অবহেলিত অংশগুলোতেও রয়েছে চমৎকার পুষ্টিগুণ।
খোসার সাদা অংশেও আছে শক্তি ও পুষ্টি
তরমুজের লাল অংশের পরের সাদা স্তরে থাকে সিট্রুলিন নামের একটি উপাদান, যা রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং শরীরে শক্তি বাড়ায়। বিশেষ করে ব্যায়ামের পর ক্লান্তি কমাতে এটি কার্যকর হতে পারে।
এ ছাড়া এই অংশে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ভিটামিন এ ও সি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। নিয়মিত খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল ও রক্তের শর্করা কমাতেও ভূমিকা রাখতে পারে।
ত্বক, কিডনি ও শরীরের যত্নে তরমুজ
তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত পানি ও বর্জ্য বের করতে সাহায্য করে, যা কিডনির জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সতেজ রাখে এবং বয়সের ছাপ কমাতে সহায়ক। পাশাপাশি লাইকোপেন শরীরের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণেও কার্যকর
তরমুজের খোসায় ক্যালরি কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। নিয়মিত খেলে বিপাকক্রিয়াও উন্নত হয়।
বীজেও রয়েছে স্বাস্থ্য উপকারিতা
তরমুজের বীজেও আছে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ফাইবার, ম্যাগনেসিয়াম ও ফোলেট। এগুলো হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। শুকিয়ে বা হালকা ভেজে খেলে এটি স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে কাজ করে।
খোসা ও বীজ খাওয়ার উপায়
তরমুজের খোসার সাদা অংশ ছোট টুকরা করে কেটে সালাদ হিসেবে খাওয়া যায়। লেবু ও বিট লবণ মিশিয়ে খেলে স্বাদ আরও বাড়ে। এটি ডাল বা সবজির সঙ্গে রান্না করেও খাওয়া যায়, এমনকি ভাজি হিসেবেও জনপ্রিয়। তবে পুষ্টিগুণ বজায় রাখতে কাঁচা খাওয়াই উত্তম।
এ ছাড়া খোসা দিয়ে জুস বা ডিটক্স ওয়াটারও তৈরি করা যায়। বরফ, পুদিনা ও লেবুর রস মিশিয়ে এটি সহজেই তৈরি করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, তরমুজ শুধু সুস্বাদু ফলই নয়, এর প্রতিটি অংশই শরীরের জন্য প্রাকৃতিক পুষ্টির উৎস। তাই এখন থেকে তরমুজ খাওয়ার সময় খোসা ও বীজ ফেলে না দিয়ে সেগুলোকেও খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন তারা।
আরটিভি/এসকে