শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০১:২১ পিএম
বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, পুরো জীবনের একটি বড় সিদ্ধান্ত। অনেক সময় সম্পর্ক বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে অস্বস্তি তৈরি হতে থাকে। কথার ফাঁকে, নীরবতায় কিংবা নিজের আচরণেই ধরা পড়ে যায় সেই অজানা টানাপোড়েন। কিন্তু আমরা অনেকেই সেই অনুভূতিকে এড়িয়ে যাই। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে মানসিক অস্বস্তি।
বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে নিজের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা খুব জরুরি। কারণ এই প্রশ্নগুলোর উত্তরই অনেক সময় বলে দেয়, আপনি সত্যিই এই সম্পর্ক নিয়ে এগোতে প্রস্তুত কি না।
এই সম্পর্কে আপনি কেমন মানুষ হয়ে উঠছেন?
সম্পর্ক মানুষকে বদলায়। কখনও আরও আত্মবিশ্বাসী করে তোলে, আবার কখনও নিজের ওপর সন্দেহ তৈরি করে। তাই নিজেকে প্রশ্ন করা দরকার, এই সম্পর্কে আমি কি শান্ত, আত্মবিশ্বাসী ও স্বাভাবিকভাবে থাকতে পারছি, নাকি সবসময় অস্থিরতায় ভুগছি?
সঙ্গী কি আপনাকে সত্যিই বোঝে?
ছোট ছোট বিষয়, হাসি-ঠাট্টা বা দৈনন্দিন আচরণেই বোঝা যায় সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কেমন। আপনার অনুভূতি, চিন্তা ও স্বভাব সে কতটা বুঝতে পারছে। এটাই সম্পর্কের গভীরতা নির্ধারণ করে।
কিছুই না বদলালে কি আপনি থাকবেন?
অনেকেই ভবিষ্যতে পরিবর্তনের আশা করেন। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, যদি আজকের পরিস্থিতি আর না বদলায়, তবুও কি আপনি এই সম্পর্ক চালিয়ে যেতে চান? কারণ মানুষ সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলায় না।
আপনি আসলে কী চান?
কখনও কখনও আমরা বুঝতেই পারি না আমরা কি এই সম্পর্কে থাকতে চাই নাকি বেরিয়ে আসতে চাই। নিজের ভেতরের সেই অনুভূতিকে এড়িয়ে গেলে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের স্বচ্ছতা একদিনে তৈরি হয় না। এটি গড়ে ওঠে ধীরে ধীরে। সেই সব প্রশ্নের মাধ্যমে, যেগুলোর উত্তর আমরা অনেক সময় জেনেও এড়িয়ে যাই। আর সবচেয়ে বড় সত্য হলো, অনেক সময় আমরা আগেই জানি সম্পর্কের আসল অবস্থাটা। শুধু মেনে নিতে দেরি করি।
আরটিভি/জেএমএ