images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

গরমে পান্তা ভাত খাওয়ার ১০ উপকারিতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৯:৩১ এএম

বাংলা নববর্ষ এলেই বাঙালির খাবারের তালিকায় বিশেষ জায়গা দখল করে নেয় পান্তা-ইলিশ। শুধু ঐতিহ্য নয়, গরমের তীব্রতায় শরীরকে স্বস্তি দিতে পান্তা ভাতের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। একসময় গ্রামবাংলার কৃষকদের প্রধান সকালের খাবার হিসেবে পরিচিত এই পান্তা ভাত এখন পুষ্টিগুণের কারণেও আলোচনায়।

পান্তা ভাত সাধারণত আগের দিনের ভাত পানিতে ভিজিয়ে রেখে তৈরি করা হয়। এর সঙ্গে সরিষার তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও মাছ ভাজা খাওয়ার প্রচলন রয়েছে। পুষ্টিবিদদের মতে, নিয়মিত পান্তা ভাত খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী হতে পারে, বিশেষ করে গরমের সময়।

পান্তা ভাত খাওয়ার উপকারিতা:

১. আয়রনের মাত্রা বৃদ্ধি: পান্তা ভাতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে, যা রক্তশূন্যতা কমাতে সহায়তা করে।

২. প্রোবায়োটিকের উৎস: এতে বিপুল পরিমাণ ভালো ব্যাকটেরিয়া থাকে, যা হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

৩. খনিজ উপাদানে সমৃদ্ধ: পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম শরীরের প্রয়োজনীয় খনিজের ঘাটতি পূরণে সহায়তা করে।

৪. কম ফ্যাটযুক্ত খাবার: গরম ভাতের তুলনায় পান্তা ভাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

৫. শরীর ঠান্ডা রাখে: পান্তা ভাত প্রাকৃতিক কুলার হিসেবে কাজ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. আলসার উপশমে সহায়ক: নিয়মিত খেলে পেটের আলসারসহ কিছু হজমজনিত সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

৭. ক্যানসারের ঝুঁকি হ্রাসে ভূমিকা: এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিছু ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

৮. কর্মক্ষমতা বাড়ায়: সকালে পান্তা ভাত খেলে সারাদিন শরীরে শক্তি ও কর্মক্ষমতা বজায় থাকে।

৯. ঘুমের উন্নতি: নিয়মিত পান্তা খেলে নিদ্রাহীনতা কমাতে সহায়ক হতে পারে।

১০. ত্বকের যত্নে কার্যকর: কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে, যা ত্বককে সতেজ ও টানটান রাখতে সাহায্য করে।

উল্লেখ্য, পান্তা ভাত শুধু একটি ঐতিহ্যবাহী খাবার নয়, বরং গরমে শরীর সুস্থ রাখতে একটি কার্যকর পুষ্টিকর খাদ্য। তাই বৈশাখের দিনেই নয়, গরমের পুরো মৌসুমজুড়েই পান্তা ভাতকে খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

আরটিভি/এসকে