শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৮:৪৭ এএম
গরমের দিনে সাজগোজ করতে গিয়ে অনেকেই পড়ছেন ত্বকের সমস্যায়। অতিরিক্ত ঘাম আর ভুলভাবে প্রসাধনী ব্যবহার করার কারণে মুখে ব্রণ, র্যাশ ও অস্বস্তি বেড়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
গরমের সময় শরীরে ঘাম বেশি হয়। এ সময় বেশি প্রসাধনী ব্যবহার করলে ত্বকের রন্ধ্র বা ছোট ছোট ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। ফলে সেখানে ঘাম ও মরা কোষ জমে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দিতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সাজলেই যে ব্রণ হবে এমন ধারণা ঠিক নয়। সঠিকভাবে প্রসাধনী ব্যবহার করলে ত্বক ভালো রাখা সম্ভব। কিন্তু কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা খুবই জরুরি।
অনেকেই গরমেও বেশি তেলযুক্ত প্রসাধনী ব্যবহার করেন। এতে ত্বকের উপর একটি স্তর তৈরি হয়, যা ঘাম ও তেল ভেতরে আটকে রাখে। ফলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ বা কালো দাগের সমস্যা বাড়তে পারে।
এ ছাড়া অপরিষ্কার সাজের ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করলেও ত্বকে সমস্যা দেখা দিতে পারে। এগুলোতে সহজেই জীবাণু জন্মায়। সেই জীবাণু মুখে লাগলে ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে।
আরেকটি বড় ভুল হলো মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রসাধনী ব্যবহার করা। অনেকেই খেয়াল না করে এমন প্রসাধনী ব্যবহার করেন, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখের সব প্রসাধনী পরিষ্কার করে ফেলতে হবে। দীর্ঘ সময় প্রসাধনী ত্বকে লেগে থাকলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে।
তাই গরমের দিনে সাজগোজ করলেও ত্বকের যত্নে সচেতন থাকা জরুরি। সঠিকভাবে ব্যবহার ও নিয়মিত পরিষ্কার রাখলেই ত্বক থাকবে সুস্থ ও সতেজ।
আরটিভি/জেএমএ