শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১০:৫৩ এএম
প্রাণবন্ত হাসির অন্যতম আকর্ষণ ঠোঁট। কিন্তু নানা কারণে ঠোঁটের রঙ কালচে হয়ে গেলে অনেকেই অস্বস্তিতে পড়েন। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পান না অনেকেই। তবে সঠিক যত্ন ও কিছু ঘরোয়া উপায় নিয়মিত অনুসরণ করলে ধীরে ধীরে ঠোঁটের কালচে ভাব কমানো সম্ভব।
বিশেষজ্ঞরা জানান, ঠোঁট কালো হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। অতিরিক্ত মানসিক চাপ, আবহাওয়ার পরিবর্তন, ধূমপান, নিম্নমানের প্রসাধনী ব্যবহার, ঠোঁটের সাজ না তুলে ঘুমানো, সূর্যের তীব্র রশ্মি এবং শরীরে পানির ঘাটতি। এসব কারণে ঠোঁটের রঙ বদলে যেতে পারে।
ঠোঁট ভালো রাখতে নিয়মিত যত্ন নেওয়া খুবই জরুরি। প্রতিদিন রাতে দাঁত ব্রাশ করার সময় হালকা ভাবে ঠোঁট পরিষ্কার করলে মরা কোষ দূর হয়। নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষলেও ঠোঁট সতেজ থাকে।
ঘরোয়া কিছু উপায়ও বেশ কার্যকর। যেমন লেবুর রস ও বাদাম তেলের মিশ্রণ ঠোঁটে আলতো করে লাগালে আর্দ্রতা ফিরে আসে। এতে কালচে ভাব কমতে পারে। একইভাবে লেবু ও মধুর মিশ্রণ, অ্যালোভেরা, নারিকেল তেল কিংবা পুদিনা পাতার রসও ঠোঁটের যত্নে উপকারী বলে মনে করা হয়।
এ ছাড়া বরফ দিয়ে হালকা মালিশ, চিনি ও জলপাই তেল দিয়ে ঘষে পরিষ্কার করা কিংবা দুধের সরের সঙ্গে ডালিম বীজের গুঁড়ো ব্যবহার করলেও ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসতে সাহায্য করতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, বাইরে থেকে ফিরে ঠোঁটের সাজ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা উচিত। পাশাপাশি ঠোঁট আর্দ্র রাখা খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করা, ভালো মানের ঠোঁটের মলম ব্যবহার করা এবং নিয়মিত পরিচর্যা করলে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমে।
প্রাকৃতিক উপায়ে গোলাপের পাপড়ি, গাজরের রস, কমলার খোসা, শসার রস বা টমেটোর পেস্ট ব্যবহার করেও ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানো যায় বলে জানান বিশেষজ্ঞরা।
তবে খুব কম দামের বা অতিরিক্ত সুগন্ধিযুক্ত ঠোঁটের প্রসাধনী ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তারা। নিয়মিত যত্ন নিলে ঠোঁটের স্বাভাবিক রঙ ও সৌন্দর্য ধরে রাখা সম্ভব।
আরটিভি/জেএমএ