শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৪:০৫ পিএম
ওজন কমাতে হলে কম ক্যালোরি খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা যে জরুরি এটা সবাই জানে। কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়। অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে আপনার ওজন কমার অগ্রগতি থেমে যেতে পারে, এমনকি উল্টেও যেতে পারে।
চলুন এমন ১০টি সাধারণ ভুলের কথা আজ জেনে নিই ও সেগুলো এড়াবেন কীভাবে তাও বুঝে নিই।
খাবারের লেবেল না পড়া
অনেক প্যাকেটজাত খাবারে সামনে ‘হেলদি’ বা ‘স্বাস্থ্যকর’ লেখা থাকলেও ভেতরে থাকে প্রচুর চিনি ও ক্যালোরি। অনেক সময় ফ্রুক্টোজ, গ্লুকোজ ইত্যাদি নামে চিনি লুকানো থাকে এধরনের খাবারে। আবার অনেকে মনে করেন একটি প্যাকেট মানেই এক সার্ভিং বা একা খাওয়ার জন্য। এমন ভাবাও ভুল।
সমাধান: সবসময় প্যাকেটের পেছনের উপাদান তালিকা ও সার্ভিং সাইজ দেখে নিন।
খুব ঘন ঘন ওজন মাপা
প্রতিদিন ওজন মাপলে হতাশা বাড়তে পারে। কারণ শরীরের ওজন স্বাভাবিকভাবেই বিভিন্ন কারণে ওঠানামা করে।
সমাধান: সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার ওজন মাপুন। পাশাপাশি কোমর বা নিতম্বের মাপও দেখুন।
শুধু কার্ডিও করা, শক্তি বাড়ানোর ব্যায়াম না করা
শুধু দৌড়ানো বা কার্ডিও করলে সবসময় ভালো ফল পাওয়া যায় না। শারীরিক শক্তি বৃদ্ধির ব্যায়াম পেশি বাড়ায় এবং মেটাবলিজমও বাড়ায়।
সমাধান: কার্ডিওর পাশাপাশি রেজিস্ট্যান্স বা শক্তি বাড়ানোর ব্যায়াম যোগ করুন।
পানীয়ের ক্যালোরি ভুলে যাওয়া
সফট ড্রিংকস, জুস বা অন্যান্য পানীয়তে অনেক চিনি থাকে, যা সহজেই আপনার ডায়েটে বেশি ক্যালোরি যোগ করে।
সমাধান: বেশি করে পানি পান করুন। চাইলে লেবু, পুদিনা বা ফল দিয়ে স্বাদ বাড়াতে পারেন।
খাবার বাদ দেওয়া
অনেকে মনে করেন খাবার বাদ দিলে দ্রুত ওজন কমবে। কিন্তু এতে মেটাবলিজম ধীর হয়ে যায় এবং পরে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে।
সমাধান: নিয়মিত পুষ্টিকর খাবার খান, বিশেষ করে সকালের নাশতায়।
খাবারের ক্ষেত্রে অতিরিক্ত সীমাবদ্ধতা
খুব কম খেলে বা প্রিয় খাবার পুরোপুরি বাদ দিলে পরে বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়।
সমাধান: পরিমিত পরিমাণে খাবার খান এবং মাঝে মাঝে ট্রিট হিসেবে প্রিয় খাবার খেতে পারেন।
লো-ফ্যাট খাবারে ভরসা করা
লো-ফ্যাট বা ফ্যাট-ফ্রি খাবারে অনেক সময় অতিরিক্ত চিনি থাকে, যা ওজন কমানোর বদলে বাড়াতে পারে।
সমাধান: কম প্রক্রিয়াজাত এবং প্রাকৃতিক খাবার বেছে নিন।
পর্যাপ্ত ফাইবার না খাওয়া
ফাইবার আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজমে সাহায্য করে।
সমাধান: ওটস, বাদাম, ফল, শাকসবজি ও ডাল জাতীয় খাবার বেশি খান।
অবাস্তব লক্ষ্য নির্ধারণ
খুব দ্রুত ওজন কমানোর লক্ষ্য স্থির করলে হতাশা তৈরি হয় এবং ডায়েট ধরে রাখা কঠিন হয়ে যায়।
সমাধান: ধীরে ধীরে ওজন কমানোর লক্ষ্য ঠিক করুন (সপ্তাহে খুব বেশি হলে আধা কেজি)।
স্বাস্থ্যকর খাবার বেশি খাওয়া
স্বাস্থ্যকর খাবার হলেও বেশি খেলে ক্যালোরি বাড়ে। যেমন বাদাম, অ্যাভোকাডো বা ব্রাউন রাইস।
সমাধান: নির্দিষ্ট পরিমাণ মেনে চলুন।
মনে রাখবেন, ওজন কমানো একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া। ছোট ছোট ভুলগুলো ঠিক করতে পারলে আপনার লক্ষ্য অর্জন অনেক সহজ হয়ে যাবে। নিয়ম মেনে চলুন, ধৈর্য রাখুন - তাহলেই সাফল্য আসবে।
সুত্র: ব্রাইট সাইড
আরটিভি/এসএস