বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:০৭ এএম
রাতের নিস্তব্ধতায় ঘুম আসতে না চাইলে অনেকেই বৃষ্টির শব্দ শোনেন। টুপটাপ বৃষ্টির আওয়াজ অনেকের কাছে শুধু আরামদায়ক নয়, বরং ঘুম আনার এক সহজ উপায় হিসেবেও পরিচিত। কিন্তু সত্যিই কি বৃষ্টির শব্দ ঘুমাতে সাহায্য করে?
গবেষণা বলছে, বৃষ্টির শব্দ আশপাশের বিরক্তিকর শব্দ ঢেকে দিতে পারে। যেমন—গাড়ির হর্ন, কুকুরের ডাক বা হঠাৎ শব্দ। এসব মস্তিষ্কে অস্থিরতা তৈরি করে। কিন্তু বৃষ্টির মৃদু শব্দ এসব ঢেকে দিয়ে এক ধরনের শান্ত পরিবেশ তৈরি করে। যা ঘুমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা জানান, বৃষ্টির শব্দ এক ধরনের প্রাকৃতিক শব্দ। এটি মানুষের মস্তিষ্কে শান্তির অনুভূতি তৈরি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ফলে শরীর ধীরে ধীরে বিশ্রামের অবস্থায় চলে যায়।
গবেষণায় আরও দেখা গেছে, বৃষ্টির শব্দ আসলে এক ধরনের গোলাপি শব্দ। যেখানে নিচু ফ্রিকোয়েন্সির শব্দ বেশি থাকে। এই ধরনের শব্দ ঘুমের গভীর ধাপে যেতে সাহায্য করে, যেখানে মস্তিষ্ক বাইরের শব্দে কম সাড়া দেয়।
কিছু গবেষণায় আরও দেখা গেছে, এই ধরনের শব্দ শোনার ফলে ঘুম আরও স্থির হয় এবং স্মৃতিশক্তি উন্নত হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সবার ক্ষেত্রে একই ফল নাও হতে পারে। কারও কাছে বৃষ্টির শব্দ শান্তিদায়ক হলেও, কারও কাছে তা অস্বস্তি বা উদ্বেগ তৈরি করতে পারে।
তাই ঘুমের জন্য বৃষ্টির শব্দ ব্যবহার করতে চাইলে ব্যক্তিগত পছন্দ বিবেচনা করা জরুরি। প্রাকৃতিকভাবে বৃষ্টি হলে অথবা চাইলে মোবাইল বা শব্দ যন্ত্রে বৃষ্টির শব্দ শোনা যায়। অনেকেই আবার রাতে ঘুমানোর সময় এই ধরনের প্রাকৃতিক শব্দ ব্যবহার করে ভালো ঘুম পাওয়ার চেষ্টা করেন।
তাই বৃষ্টির শব্দ অনেকের জন্য ঘুমের সহায়ক হতে পারে। তবে এটি কোনো জাদু সমাধান নয়, বরং এক ধরনের সহজ আরামদায়ক অভ্যাস।
আরটিভি/জেএমএ