মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১২:৫৭ পিএম
ফ্রিজ এখন প্রতিটি ঘরের নিত্যসঙ্গী। খাবার তাজা রাখতে আমরা প্রতিদিনই এতে মাছ-মাংস, সবজি, রান্না করা খাবারসহ নানা কিছু সংরক্ষণ করি। কিন্তু জানেন কি, এই ফ্রিজই কখনও কখনও হয়ে উঠতে পারে জীবাণুর লুকানো ঘর?
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ নোংরা থাকলে বা দীর্ঘদিন পরিষ্কার না করলে খাবারের ওপর জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ ঠান্ডা তাপমাত্রায়ও অনেক জীবাণু দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। আর তখনই স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই খাবার নিরাপদ রাখতে ফ্রিজ পরিষ্কার রাখা খুবই জরুরি।
তবে ফ্রিজ পরিষ্কার করা কঠিন মনে হলেও কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এটি সহজে করা যায়।
প্রথম ধাপ
ফ্রিজে থাকা সব খাবার বের করে নিন। নষ্ট বা মেয়াদোত্তীর্ণ খাবার সঙ্গে সঙ্গে ফেলে দিন। এতে ফ্রিজ খালি হবে এবং পরিষ্কার করা সহজ হবে।
দ্বিতীয় ধাপ
কুসুম গরম পানিতে সামান্য তরল সাবান মিশিয়ে ফ্রিজের ভেতরে স্প্রে করুন। এরপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। শক্ত দাগ থাকলে বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ রেখে মুছে ফেলুন।
তৃতীয় ধাপ
ফ্রিজের তাক ও ড্রয়ারগুলো বের করে আলাদা করে সাবান পানিতে ধুয়ে নিন। খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না, এতে অংশগুলো নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে শুকিয়ে তারপর আবার বসান।
চতুর্থ ধাপ
ফ্রিজের কোণা, দরজার ছোট অংশ ও খাঁজগুলো ভালোভাবে পরিষ্কার করুন। পুরোনো টুথব্রাশ ও বেকিং সোডা ব্যবহার করলে জমে থাকা ময়লা সহজে উঠে যাবে। চাইলে পানি ও ভিনেগারের মিশ্রণও ব্যবহার করা যায়।
পঞ্চম ধাপ
সব পরিষ্কার শেষ হলে ফ্রিজের দরজা খুলে কিছুক্ষণ বা সারারাত খালি রেখে দিন। এতে ভেতরের আর্দ্রতা শুকিয়ে যাবে এবং দুর্গন্ধও দূর হবে। এরপরই আবার খাবার সাজিয়ে রাখুন।
নিয়মিত এইভাবে ফ্রিজ পরিষ্কার করলে শুধু দুর্গন্ধই কমবে না, খাবারও থাকবে নিরাপদ ও জীবাণুমুক্ত।
আরটিভি/জেএমএ